গাংনী প্রতিনিধি :
আলু ভর্তা দিয়ে ইফতার করা মেহেরপুরের সেই নাজেরা খাতুন তহরা এবার ইফতারি সামগ্রী পেলেন। গত ২৫ মার্চ দৈনিক মানবজমিন পত্রিকাসহ কয়েটি পত্রিকায় মেহেরপুর জেলার গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামের স্বামী পরিত্যক্তা নারী শ্রমিক নাজেরা খাতুন তহরার ইফতারি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর সারাদেশে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম মন্তব্য প্রকাশ হয়।
বিষয়টি স্থানীয় রাইপুর ইউনিয়ন পরিষদের মেম্বার ও সাবেক ছাত্রলীগ নেতা রাজু আহমেদ আমলে নিয়ে অসহায় নাজেরা খাতুন তহরাকে ইফতারি সামগ্রী প্রদান করেন।
বৃহস্পতিবার বিকেলে অসহায় ওই নারী ও তার বড় বোনকে ইফতারি সামগ্রী দেন ইউপি সদস্য রাজু আহমেদ। এসময় উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিন পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি সাহাজুল সাজু।