মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ নভেম্বর: মেহেরপুর শহরের কোর্ট মোড়ে চলন্ত মোটরসাইকেলের ধাক্কায় মারা গেছে হামিদ নামের এক ব্যক্তি। মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার রাত ৮ টার দিকে সে মারা যায়।তার লাশ ময়নাতদন্তের জন্য মেহেরপুর মর্গে রাখা হয়েছে। এদিকে ঘাতক মোটরসাইকেল চালক তহশিলদার ইউনুসকে পুলিশ আটক করতে না পারলেও মোটরসাইকেলটি বর্তমানে মেহেরপুর সদর থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানিয়েছেন সদর থানার ওসি মতিয়ার রহমান । আজ বৃহস্পতিবার শেষ বিকেলে শহরের সন্নিকটের বামনপাড়া গ্রামের হামিদ একটি ব্যাগ নিয়ে পায়ে হেঁটে বাড়ির উর্দ্দ্যেশে রওয়ানা হয়। সে কোর্ট মোড়ে পৌছালে অপরদিক থেকে একটি চলন্ত মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা মারলে সে ছিটকে সড়কে পড়ে যায়। রক্তাক্ত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। ৩ ঘন্টা পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজকে বলেন,আহত হামিদ মাথায় প্রচন্ড আঘাত পায় এবং মুখ দিয়ে রক্ত বমি করে। একারনে তাকে বাঁচানো সম্ভব হয়নি। এদিকে মৃত ব্যক্তির লাশ সনাক্ত নিয়ে পুলিশ ও হাসপাতাল কতৃপক্ষ পড়েছে বিপাকে। কারণ ভর্তি’র সময় এক ব্যক্তি ভাই পরিচয় দিয়ে(হামিদ নামে) ভর্তি করলেও বর্তমানে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছেনা। পুলিশ বিষয়টি যাচাই বাচাইয়ের জন্য বামনপাড়া গ্রামে পৌছিয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় সম্পর্কে শতভাগ নিশ্চিত হওয়া যায়নি।