মেহেরপুর নিউজঃ মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জিনারুল ইসলামের পরিবারকে আর্থিক ও মানবিক সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, ঢেউটিনসহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির উপস্থিত থেকে দুই বান্ডেল ঢেউটিন, নগদ ১৬ হাজার টাকা, শুকনা খাবার এবং কম্বল তুলে দেন।
এ সময় জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত পরিবারকে ভবিষ্যতেও আরও সহযোগিতা করার আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, বুড়িপোতা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইসমাইল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা সানোয়ার হোসেন সানু প্রমুখ।
উল্লেখ্য, এর আগে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে জিনারুল ইসলামের বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যায় এবং ঘরের সব আসবাবপত্র ও মালামাল ছাই হয়ে যায়।