বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে অনলাইন জুয়াড়ি সৌমিক গ্রেফতার, ডিবি পুলিশের অভিযান অব্যাহত

By Meherpur News

May 18, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে অনলাইন জুয়া ও সাইবার অপরাধ দমনে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সুয়াইব আহম্মেদ সৌমিক (২৫) নামের এক অনলাইন জুয়াড়িকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

গ্রেফতার সুয়াইব আহম্মেদ সৌমিক মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল ঈদগাহপাড়া এলাকার বাসিন্দা। মঙ্গলবার বিকেলের দিকে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে ডিবির একটি চৌকস দল কোলার মোড়ে অবস্থিত আসলাম অটোস ব্যবসা প্রতিষ্ঠান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ডিবি সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়ার কার্যক্রম পরিচালনার অভিযোগে তার ওপর নজরদারি চালানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এর আগে গত শুক্রবারও ডিবি পুলিশের বিশেষ অভিযানে মেহেরপুর সদর, মুজিবনগর ও গাংনী থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে মোঃ বায়েজিদ ডালিমসহ চারজনকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় মেহেরপুর সদর ও গাংনী থানায় সাইবার সুরক্ষা আইন-২০২৬ এর আওতায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

ডিবি পুলিশের কর্মকর্তারা জানান, অনলাইন জুয়া ও সাইবার অপরাধ নিয়ন্ত্রণে তাদের অভিযান আরও জোরদার করা হবে। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও তারা জানিয়েছেন।