বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরি করায় বেকারিকে জরিমানা

By Meherpur News

May 11, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি ও সংরক্ষণ করায় সদর উপজেলার বামনপাড়া নিউ পপুলার বেকারীর মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, ঔষধ ও খাদ্যপণ্য উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।

অভিযানকালে বামনপাড়া নিউ পপুলার বেকারীতে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি ও সংরক্ষণের প্রমাণ পাওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বেকারীর মালিকের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি পরিষ্কার-পরিচ্ছন্ন করার নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া অন্যান্য কয়েকটি প্রতিষ্ঠানকে ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, মানসম্মত পণ্য বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ পণ্য ও ঔষধ বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সজীব পাল এবং জেলা পুলিশের একটি টিম।