মেহেরপুর নিউজঃ অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শেখ বখতিয়ার উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম জাকারিয়া, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম নজরুল কবীর, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মুহাঃ আবদুল্লাহ আল আমিন এবং মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইস্তামুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন খন্দকার মুভিজ আহমেদ। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, পার্থ প্রতীম শীল, সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা ও চর্চায় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।