বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে আগুনে পুড়ল দিনমজুরের বসতঘর

By মেহেরপুর নিউজ

March 16, 2017

মেহেরপুর নিউজ,১৬ মার্চ: মেহেরপুর জেলা শহর সংলগ্ন সদর উপজেলার বামনপাড়াতে অমিতাভ সরকার নামের এক দিনমজুরের বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। এ ঘটনায় ঘরে থাকা তিনটি ছাগল পুড়ে মারা গেছে। একই সঙ্গে তিনটি বাইসাইকেল, নগদ টাকাসহ আনুমানিক ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ঘর মালিকের। বুধবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। ঘর মালিক আমিতাভ সরকার জানান, তার মা আত্মিয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় তিনি একা ঘরে ঘুমাচ্ছিলেন। রাত ১টার দিকে হঠাৎ শরিরে তাপ অনুভব করলে তার ঘুম ভেঙে যায়। নিজের জীবন রক্ষা করতে ঘরের বাইরে বের হয়ে দেখে আগুনের লেলিহান শিখাই পুরো বসতঘর জ্বলছে। তিনিসহ প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন থেকে কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছানোর আগেই বাড়ির সকল কিছু পুড়ে ছাই হয়ে যায়। মেহেরপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের এসও পারভেজ আখতার জানান, থারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সুত্রপাত হয়েছে। কাঠের তৈরি ঘর হওয়াতে মুহুর্তের মধ্যে সবকিছু পুড়ে গেছে।