বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

By Meherpur News

April 29, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়েছে। বুধবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক এবং সিভিল সার্জন ডা. আবু সাঈদ।

শব্দ দূষণ নিয়ন্ত্রণে অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় মেহেরপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ কামাল মেহেদী। এছাড়াও বক্তব্য দেন মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী সামিয়া ও রোভার সদস্য সাব্বির হোসেনসহ অন্যান্যরা।

এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাখাপি ইবনে সাজ্জাদের নেতৃত্বে র‍্যালিটি মেহেরপুর পাবলিক লাইব্রেরি চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসক শিল্পী রানী রায় ও অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম র‍্যালিতে যোগ দেন। র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ কামাল মেহেদীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।