ধর্ম

মেহেরপুরে ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৭:৩০ টায়

By Meherpur News

May 27, 2026

মেহেরপুর নিউজ:

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বৃহস্পতিবার মেহেরপুরে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভায় জেলার প্রধান ঈদ জামাতসহ বিভিন্ন স্থানের জামাতের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, মেহেরপুর পৌর ঈদগাহ মাঠে সকাল ৭টা ৩০ মিনিটে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। একইদিন সকাল ৭টা ৪৫ মিনিটে মেহেরপুর পুরাতন পৌর ঈদগাহ মাঠে দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়াও কালেক্টরেট জামে মসজিদে সকাল ৭টা ১৫ মিনিটে, মেহেরপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মাঠে সকাল ৭টায়, সদর থানা জামে মসজিদে সকাল ৭টা ১৫ মিনিটে এবং সদর উপজেলা মডেল মসজিদে সকাল ৭টা ১৫ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

মেহেরপুর শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে আহলে হাদিসের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৬টা ৩০ মিনিটে। এছাড়া জেলার একমাত্র মহিলাদের ঈদের জামাত সকাল ৮টা ৩০ মিনিটে পৌর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আবহাওয়া প্রতিকূল হলে স্ব-স্ব এলাকার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

মেহেরপুর পৌর ঈদগাহ মাঠের প্রধান জামাতে ইমামতি করবেন বড় বাজার জামে মসজিদের ইমাম মাওলানা বায়েজিত হোসেন। পুরাতন পৌর ঈদগাহ মাঠের জামাতে ইমামতি করবেন হোটেল বাজার জামে মসজিদের ইমাম মাওলানা রোকনুজ্জামান। এছাড়া কোর্ট জামে মসজিদ প্রাঙ্গণের জামাতে ইমামতি করবেন কোর্ট জামে মসজিদের ইমাম হাফেজ সাদিকুর রহমান।