বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে উদ্ধারকৃত ৮২ মোবাইল ফোন ও প্রতারণার টাকা মালিকদের ফেরত দিল পুলিশ

By Meherpur News

May 07, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উদ্যোগে উদ্ধারকৃত হারানো মোবাইল ফোন ও প্রতারণার মাধ্যমে আত্মসাৎকৃত নগদ অর্থ প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে এ হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধারকৃত মোবাইল ফোন ও নগদ অর্থ ভুক্তভোগীদের হাতে তুলে দেন মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।

এসময় পুলিশ সুপার বলেন, তথ্য-প্রযুক্তির এই যুগে আমরা কেউই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও সাইবার স্পেসের বাইরে নই। তাই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সবাইকে আরও সচেতন ও সতর্ক হতে হবে।

তিনি আরও বলেন, পুরাতন মোবাইল ফোন কেনার সময় অবশ্যই মোবাইলের বক্স ও ক্যাশ মেমো সংগ্রহ করতে হবে। এছাড়া অনলাইন প্রতারণা এড়াতে বিকাশ, নগদ বা অন্য কোনো মোবাইল ব্যাংকিং অ্যাপের ওটিপি কাউকে শেয়ার করা যাবে না। অনলাইনে কেনাকাটার আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়ারও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জানানো হয়, এপ্রিল ২০২৬ মাসে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, মেহেরপুর জেলার তিন থানায় সাধারণ ডায়েরিভুক্ত ৮২টি হারানো মোবাইল ফোন উদ্ধার করেছে। একই সঙ্গে ভুলক্রমে অন্য নম্বরে চলে যাওয়া এবং প্রতারণার মাধ্যমে আত্মসাৎ হওয়া বিকাশ ও নগদের ৪৯ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছে।

এছাড়াও ১৮টি ফেসবুক আইডি ও ৯টি হোয়াটসঅ্যাপ আইডি রিকভারি করা হয়েছে। নিখোঁজ দুইজন ভিকটিম উদ্ধারেও থানা পুলিশকে সহায়তা করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। বিভিন্ন ক্লুলেস মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই ইউনিট।

পুলিশ সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন থানার পাঁচটি প্রতারণার মামলায় মোট ১৩ লাখ ২৩ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

থানা ভিত্তিক উদ্ধারকৃত মোবাইল ফোনের মধ্যে মেহেরপুর সদর থানা থেকে ৩৭টি, গাংনী থানা থেকে ২৯টি এবং মুজিবনগর থানা থেকে ১৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. জামিনুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মেহেদি হাসান দিপু, ওসি (ডিবি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরীসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।