বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত

By Meherpur News

April 13, 2026

মেহেরপুর নিউজ:বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ২০২৫–২০২৬ অর্থবছরের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে মেহেরপুরে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে জেলা তথ্য অফিস, মেহেরপুরের আয়োজনে মুজিবনগর উপজেলার মোনাখালী পূর্বপাড়ায় এ উঠান উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ কর্মসূচি, নারীর জন্য গাড়ি সুবিধা এবং ডেঙ্গু প্রতিরোধসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মানব পাচার, মাদক, গুজব ও অপপ্রচার, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়।

এছাড়া ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধের চর্চা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, অটিজম এবং তথ্য অধিকার আইন সম্পর্কেও অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের (প্রশাসন ও অর্থ) পরিচালক সৈয়দ এ মু’মেন। তিনি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে এবং জনগণকে সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ। তিনি নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া ইউনিয়ন সমাজকর্মী রবিউল ইসলাম সামাজিক সমস্যা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।

জেলা তথ্য কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাসুদ সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে তিনি বলেন, “নতুন বাংলাদেশ গড়তে হলে সবাইকে সচেতন হতে হবে এবং সরকারের ইতিবাচক উদ্যোগগুলোকে কাজে লাগাতে হবে।”

উন্মুক্ত বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা একটি উন্নত, সচেতন ও মানবিক বাংলাদেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।