মেহেরপুর নিউজ:ন্যাশনালিস্ট কনভেনশন পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় নেতারা আজ রোববার সাংগঠনিক সফরে মেহেরপুরে আসছেন। সফরে নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জনাব সরোয়ার তুষার ও কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) জনাব মোল্যা রহামাতুল্লাহ।
সফরসঙ্গী হিসেবে থাকবেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও জেলা প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট সাকিল আহমেদ এবং কেন্দ্রীয় সদস্য ও মেহেরপুরের অঞ্চল তত্ত্বাবধায়ক জনাব সোহেল রানা।
সফরসূচি অনুযায়ী, রবিবার সকাল ১১টায় মেহেরপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা ও উপজেলা সমন্বয় কমিটির সদস্যদের নিয়ে সাংগঠনিক সভা ও রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হবে। এ কর্মশালায় স্থানীয় নেতৃত্বকে সাংগঠনিক কর্মকৌশল ও রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হবে।
এছাড়া বিকেল ৪টায় ঐতিহাসিক মুজিবনগর পর্যটন হোটেলে উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে। সেখানে স্থানীয় সমস্যাবলী, সাংগঠনিক সংকট নিরসন এবং আসন্ন রাজনৈতিক কর্মসূচি সফল করার কৌশল নিয়ে আলোচনা হবে।
দলীয় সূত্র জানায়, সফরের মূল লক্ষ্য হচ্ছে জেলা ও উপজেলা পর্যায়ের সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করা, কর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি করা এবং মাঠপর্যায়ের নেতাকর্মীদের উদ্বুদ্ধ করা।