বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ঐতিহ্যবাহী বৌচি খেলা অনুষ্ঠিত

By Meherpur News

June 10, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বৌচি খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মেহেরপুর সদর উপজেলার আর আর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় মেহেরপুর সদর উপজেলার আর আর মাধ্যমিক বিদ্যালয়, চক শ্যামনগর মাধ্যমিক বিদ্যালয় এবং কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় চক শ্যামনগর মাধ্যমিক বিদ্যালয় ও কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয় যৌথভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা উপভোগ করেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবলু সূত্রধর এবং জেলা ক্রীড়া কর্মকর্তা আরিফ আহমেদ। এ সময় তারা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা সংরক্ষণ ও নতুন প্রজন্মের মাঝে জনপ্রিয় করে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকরা জানান, দেশীয় খেলাধুলার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানো এবং গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্য ধরে রাখার লক্ষ্যে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।