বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ঔষধ প্রশাসনের মোবাইল কোর্ট, চার ফার্মেসিকে জরিমানা

By Meherpur News

February 23, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুর ঔষধ প্রশাসনের উদ্যোগে এবং জেলা প্রশাসন মেহেরপুরের সহায়তায় নকল, ভেজাল, আনরেজিস্টার্ড, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পলজাতীয় ঔষধ বিক্রয় ও সংরক্ষণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। সোমবার দুপুরে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মেহেরপুর জেলা ঔষধ তত্ত্বাবধায়ক (অঃ দঃ ঔষধ প্রশাসন, মেহেরপুর) তাহমিদ জামিলের নেতৃত্বে অভিযানে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রয়, ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ ও বিক্রয়, মেয়াদোত্তীর্ণ এবং আনরেজিস্টার্ড ঔষধ মজুদ রাখার অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়।

‘ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩’-এর ৪০(খ), ৪০(গ) ও ৪০(ঘ) ধারার লঙ্ঘনের দায়ে জিম ফার্মেসিকে ৫ হাজার টাকা, জেনারেল ফার্মেসিকে ২ হাজার টাকা, সোনালী ফার্মেসিকে ১ হাজার টাকা এবং আবির ফার্মেসিকে ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় আনরেজিস্টার্ড ও মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।