বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে কাজে যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা

By মেহেরপুর নিউজ

August 12, 2024

মেহেরপুর নিউজ:

জুলাই মাসে ছাত্র-জনতার দুর্বার গণআন্দোলন এবং ৫ই আগস্ট মহাবিপ্লবের মাধ্যমে সরকারের পতন ঘটে। এই গণআন্দোলন প্রতিহত করতে সরকারের নির্দেশে দেশব্যাপী পুলিশ নির্বিচারে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করে। ফলে বহু ছাত্র-জনতা হতাহতের ঘটনা ঘটে। জনবিক্ষোভে বহু পুলিশ সদস্যও হতাহতের শিকার হন। দেশের প্রায় সকল বিভাগ ও জেলায় পুলিশ ছাত্র-জনতা মুখোমুখি অবস্থানের ফলে জনরোষের শিকার হন রাষ্ট্রীয় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ বাহিনীর সদস্যরা। বিশেষ করে বিগত ১৬ বছর ধরে সরকারি দলের লেজুড়বৃত্তি এবং সরকারি দলের নেতাদের তলপিবাহকে পরিণত হওয়া পুলিশ সদস্যরা গণধিকৃত হতে শুরু করে যার ফলে মেহেরপুর, সহ সারা দেশের শত শত থানা ও পুলিশ ফাঁড়ি এবং পুলিশ ক্যাম্প জনরোষের শিকার হয়েছে। বিক্ষুব্ধ জনতা থানা ও পুলিশ ফাঁড়িতে হামলা করে অগ্নিসংযোগ করে। পুলিশ সদস্যদের মারপিট করে। কিন্তু ব্যতিক্রম শুধু মেহেরপুরে। এই দীর্ঘ ছাত্র-জনতার আন্দোলনে মেহেরপুরের পুলিশ প্রশাসন চরম ধৈর্যের পরিচয় দিয়ে ছাত্র-জনতার আন্দোলকে উত্তেজনাকর পরিস্থিতির মুখোমুখি হতে দেননি।

উত্তেজনাকর পরিস্থিতিতে পর ৫ আগস্ট থেকে ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে পুলিশ সদস্যরা কর্মবিরতি পালন করেন। ঐদিন থেকে থানা ও পুলিশ ক্যাম্পগুলোতে আনসার বাহিনীর সদস্যরা প্রাথমিক দায়িত্ব পালন শুরু করেন। প্রায় এক সপ্তাহ পর আজ মেহেরপুর জেলার বিভিন্ন থানা ও পুলিশ ক্যাম্পে পুলিশ সদস্যরা যোগদান করার পর পুলিশের কাজকর্ম স্বাভাবিক হয়ে এসেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর গত  পরে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস প্রদান করার পর সারা দেশের ন্যায় মেহেরপুরে থানা এবং পুলিশ ক্যাম্পগুলোতে পুলিশ সদস্য তাদের কাজে যোগদান করেন। এতে করে পুলিশ সদস্যদের মধ্যে প্রাণচাঞ্চল্য শুরু হয়েছে।