বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে কৃতি হিফজ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

By Meherpur News

May 26, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা মোহাম্মদ তাজ উদ্দিন খান বলেছেন, “ইংরেজরা যখন দেশ ছেড়ে চলে যায় তখন ৪৬ ভাগ মানুষ পবিত্র কোরআন শরীফ পড়তো। কিন্তু দুঃখজনক হলেও সত্যি বর্তমানে মাত্র ৭ ভাগ মানুষ পবিত্র কোরআন শরীফ পড়েন।”

তিনি বলেন, “আইনের শাসন না থাকায় আজ দেশে অরাজকতা শুরু হয়েছে। সুশাসন প্রতিষ্ঠা করতে হলে সুশাসক তৈরি করতে হবে।”

মঙ্গলবার দুপুরে মেহেরপুর মিফতাহুল কুরআন মাদ্রাসা ও হিফ্জখানার উদ্যোগে ১৬তম জাতীয় হিফজুল কুরআন বোর্ড পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিফতাহুল কুরআন মাদ্রাসা ও হিফ্জখানার পরিচালক হাফেজ মো. শাহজালালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাহবুব উল আলম ও উপাধ্যক্ষ শরিফ উদ্দিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার শিক্ষক জামাল উদ্দিন। এছাড়া বক্তব্য রাখেন রুহুল আমিন, হাবিবুর রহমান, শাহাবুদ্দিন ও ফারুক হোসেন প্রমুখ।

পরে ১৬তম জাতীয় হিফজুল কুরআন বোর্ড পরীক্ষায় মিফতাহুল কুরআন মাদ্রাসা ও হিফ্জখানার ছাত্র মোহাম্মদ কাউসার খান রায়হান সারাদেশে প্রথম স্থান অর্জন করায় এবং সুলতান নূর গালিব তৃতীয় স্থান লাভ ও ফাহিম ফয়সাল তাকি বৃত্তি অর্জন করায় তাদের সংবর্ধনা প্রদান করা হয়।