বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে গৃহবধুকে হত্যার অভিযোগ, বিক্ষোভ ও সড়ক অবরোধ

By মেহেরপুর নিউজ

February 23, 2016

মেহেরপুর নিউজ,২৩ ফেব্রুয়ারি: তিন মাসের বাড়ি ভাড়া বকেয়া টাকা দিতে না পারায় মেহেরপুর শহরের বাসস্টেশন পাড়ার ভাড়াটিয়া  গৃৃহবধু নার্গিস খাতুনকে (২৭) হত্যার অভিযোগ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নিহতের পরিবার ও তার স্বজনরা। এ ঘটনার পর থেকে বাড়ির মালিক মৃত ফকির মহাম্মদের স্ত্রী রিজিয়া খাতুনসহ বাড়ির অন্য সদস্যরা পলাতক আছে। মঙ্গলবার সকালে এই ঘটনার পর দুপুরে শহরের প্রাণকেন্দ্রে মেহেরপুর প্রেসক্লাবের সামনে বিক্ষোভ হয়।

স্থানীয়রা জানান, জান্টু ড্রাইভারে সাথে বাড়ির মালিক তিন মাসের বাড়ি ভাড়া বাকি থাকায় মালিক রিজিয়া খাতুন, তার মেয়ে ও জামাইকে সাথে নিয়ে দুদিন আগে জান্টুর স্ত্রী নার্গিসকে বেদম মারধর করে। আজ সকালেও তাকে মারধর করে। ধারণা করা হচ্ছেÑ মেরে গলায় ওড়না জড়িয়ে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে তার আত্মহত্যা বলে চালানোর লক্ষ্যে বাড়ি থেকে পালিয়ে যায়। তাদের দুই সন্তানের কান্নাকাটি শুনে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে। মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আহমারুজ্জামান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল চৌধুরীসহ পুলিশ লাশ উদ্ধার কর মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।  নিহত নার্গিস খাতুন শহরের মল্লিকপাড়ার জান্টু হোসেনের স্ত্রী। তার  ৭ ও ৫  বছর বয়সের দুটি সন্তান রয়েছে। এদিকে অভিযুক্ত বাড়িওয়ালা রিজিয়া খাতুনের গ্রেফতার ও বিচারের দাবিতে দুপুরে মেহেরপুর প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে নিহতের স্বামী, সন্তানসহ এলাকাবাসী।

সাত বছর বয়সী ছেলে অনিক হোসেন জানায়, বাড়ির মালিক রিজিয়া খাতুন তার মেয়ে ও জামাইকে সাথে নিয়ে দু‘দিন আগে ভাড়ার জন্য তার মাকে মারধর করে। আজ মঙ্গলবার ভোরে তার পিতা বাস চালানোর জন্য কুষ্টিয়ার উদ্দ্যেশে চলে গেলে আবারও তার মাকে মারধর শুরু করে। তার মাকে মারধর করতে থাকলে তারা দু’ভাইবোন শহরের মল্লিকপাড়ায় দাদীকে জানাতে যায়। ফিরে এসে দেখে তার মা ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে। অনিক অভিযোগ করে বলে, সে সময় ঘরের জানালা ও দরজা খোলা ছিল। তখন থেকে বাড়িরা মালিকরাও কেউ বাড়িতে নেই। অনিক তার মায়ের হত্যাকারীদের বিচার চেয়ে  মা মা করে চিৎকার করে কাঁদতে থাকে।

নিহতের স্বামাী জান্টু  ড্রাইভার বলেন, বাসা ভাড়ার জন্য বাড়ির মালিকের স্ত্রী রিজিয়া খাতুন তার স্ত্রীকে মেরে ফেলেছে। আমি তাদের বিচার চাই। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন করে দেখা গেছে শরীরের বিভিন্ন স্থানে আঘাতে চিহৃ রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা শেষে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। তবে ময়না তদন্তর প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে হত্যা না আত্মহত্যা।