বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যা না আত্মহত্যা নিয়ে রহস্য

By Meherpur News

May 08, 2026

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা কদমতলা পাড়ায় সুমি (৩৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সুমি খোকসা কদমতলা পাড়া গ্রামের সেলিমের স্ত্রী। স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা—তা নিয়ে এলাকাজুড়ে আলোচনা চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘরের দরজা ভেতর থেকে আটকানো ছিল। তবে ঘরের পেছনের একটি জানালা খোলা থাকায় সন্দেহের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর ধারণা, সুমিকে হত্যা করে ঘরের মধ্যে ঝুলিয়ে রেখে তার স্বামী পালিয়ে যেতে পারেন।

ঘরের ভেতরে সুমির ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর মর্গে পাঠায়।

পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।