মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ এপ্রিল: মেহেরপুরে রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের চাকরি জাতীয়করণের এক দফা দাবীতে শহরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি মেহেরপুর জেলা শাখার নেতাকর্মীরা। মিছিল শেষে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ সোমবার বেলা সোয়া ১২ টার দিকে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুর জেলা বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যেগে চাকুরী জাতীয়করনের এক
দফা দাবীতে বিক্ষোভ মিছিলটি গড় পাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গঁন থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় এসে স্মারকলিপি প্রদানের মধ্য দিয়ে শেষ হয়। মেহেরপুর জেলা বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো: মকবুল হোসেনের স্বাক্ষরিত স্মারকলিপিটি মেহেরপুরের জেলা প্রশাসক সাহান আরা বানুর হাতে তুলে দেন শিক্ষক নেতৃবৃন্দ।