কৃষি সমাচার

মেহেরপুরে চাষ হচ্ছে বিশ্বের অন্যতম দামি জাপানি মিয়াজাকি আম

By Meherpur News

June 05, 2026

মেহেরপুর নিউজ:

জাপানের মিয়াজাকি প্রিফেকচারে উৎপাদিত মিয়াজাকি আম বিশ্বের অন্যতম দামি ও বিলাসবহুল ফল হিসেবে পরিচিত। অসাধারণ স্বাদ, অন্যান্য আমের তুলনায় অনেক বেশি মিষ্টতা এবং আকর্ষণীয় লাল রঙের কারণে এই আমকে বলা হয় এগ অব দ্য সান’ (সূর্যের ডিম)। বর্তমানে শখের বশে এবং বাণিজ্যিক সম্ভাবনা বিবেচনায় মেহেরপুরেও শুরু হয়েছে এই বিশেষ জাতের আমের চাষ।

মেহেরপুর সদর উপজেলার গোপালপুর গ্রামের মাঠে মেহেরপুর শহরের মল্লিকপাড়ার বাসিন্দা খালেদুজ্জামান ডালিম (ডালিম খান) দুই বছর আগে ১২ কাঠা জমিতে ৮০টি মিয়াজাকি আমের চারা রোপণ করেন। ইউটিউবে ভিডিও দেখে তিনি এই আম চাষে আগ্রহী হন এবং পরে নাটোরের একটি কৃষি নার্সারি থেকে প্রতিটি ২৫০ টাকা দামে চারা সংগ্রহ করেন।

বিশ্বের অন্যান্য আমের তুলনায় মিয়াজাকি আমের কদর অনেক বেশি। জাপানে এক জোড়া মিয়াজাকি আম সর্বোচ্চ ৬ লাখ জাপানি ইয়েন দামে বিক্রির রেকর্ড রয়েছে। জাপানের নিলাম বাজারে এই আমের দাম প্রতি কেজি ৪ লাখ ৮০ হাজার টাকা পর্যন্ত উঠেছে। আন্তর্জাতিক বাজারে সাধারণত প্রতি কেজি আড়াই লাখ থেকে সাড়ে তিন লাখ টাকা দামে বিক্রি হয়। তবে বাংলাদেশে উৎপাদিত মিয়াজাকি আমের দাম তুলনামূলকভাবে কম; খাগড়াছড়িসহ বিভিন্ন এলাকায় এটি প্রতি কেজি ৭৫০ থেকে ১,৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এই আমের এত মূল্য হওয়ার পেছনে রয়েছে এর টকটকে লাল বা বেগুনি আভাযুক্ত রঙ, অত্যন্ত মিষ্টি স্বাদ, সীমিত উৎপাদন এবং নিবিড় পরিচর্যার প্রয়োজনীয়তা।

ডালিম খান জানান, গত বছর প্রথমবারের মতো কয়েকটি গাছে ফল আসে। সে সময় তিনি ৮ কেজি আম প্রতি কেজি ২ হাজার টাকা দরে বিক্রি করেন। এ বছর বাগানের গাছগুলোতে প্রচুর ফলন হয়েছে। প্রতিটি গাছে গড়ে ২০ থেকে ২৫টি আম ধরেছে। পাঁচটি আমে প্রায় এক কেজি ওজন পাওয়া যাচ্ছে। গাছে ঝুলে থাকা টকটকে লাল, সিঁদুরে লাল ও হালকা লাল রঙের আমগুলো দেখে মনে হয় যেন প্রকৃতির ক্যানভাসে আঁকা কোনো শিল্পকর্ম।

তিনি বলেন, “শখের বসে ৮০টি চারা লাগিয়েছিলাম। ফলন ভালো হয়েছে। ভালো দাম পেলে আগামী বছর আরও বড় পরিসরে চাষ করার ইচ্ছা রয়েছে।”

বর্তমানে ৭ থেকে ৮ ফুট উচ্চতার গাছগুলোতে ঝুলে থাকা মিয়াজাকি আম দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছেন। মেহেরপুর শহর থেকে পুলিশ লাইন ও টিটিসি অতিক্রম করে গোপালপুর গ্রামের শেষ প্রান্তে অবস্থিত ডালিম খানের এই বাগান ইতোমধ্যে কৌতূহলী দর্শনার্থীদেরও আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।