বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জুম্মার নামাজ শেষে শিবিরের মাঠে নামার আশংকা।। সতর্ক আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী।। যে কোন মূল্যে প্রতিহত করা হবে—পুলিশ সুপার

By মেহেরপুর নিউজ

March 01, 2013

সর্বশেষ

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ মার্চ: মেহেরপুর জামায়াতে ইসলামীর পৌর আমির মাহবুব আলম ও এক জামায়াত কর্মীকে আটক সহ জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মানবতাবিরোধী মামলায় দেয়া ফাঁসির রায়ের প্রতিবাদে জুম্মার নামাজ শেষে জামায়াত-শিবিরের উদ্যোগে শহরে লাঠি মিছিলের আশংকা রয়েছে। মেহেরপুরের পুলিশ সুপার এ আশংকার কথা মেহেরপুর নিউজ প্রতিনিধির কাছে স্বীকার করে বলেন,যে কোন ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা প্রস্তুত।জামায়াত-শিবিরের যে কোন কর্মসূচী সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করা হবে। তিনি জানান,বর্তমানে মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে এবং গুরুত্বপূর্ণ মসজিদে ৩’শ ৫২ জন সাধারন পুলিশ সদস্য সহ দাঙ্গা পুলিশ,১ প্লাটুন র‌্যাব এবং ২ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। পাশাপাশি পুলিশ,র‌্যাব ও বিজিবি’র যৌথ টহল চলছে। এছাড়াও গাংনীতে র‌্যাব ও পুলিশের পাশাপাশি ১ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

অন্যদিকে আওয়ামীলীগের পক্ষ থেকে হুশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে,জামায়াত-শিবিরের যে কোন নাশকতা মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে আওয়ামীলীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মেহেরপুর শহর আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট ইয়ারুল ইসলাম জানান,জুম্মার নামাজ শেষে জামায়াত-শিবির কোন নাশকতার চেষ্টা চালালে তা প্রতিহত করার জন্য আওয়ামীলীগ মাঠে নামবে।

এদিকে বৃহস্পতিবারের ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি। তবে মেহেরপুর সদর থানার ওসি আজিজুল হক জানান,মামলার প্রস্তুতি চলছে। দিনের যে কোন সময় মামলাটি হবে বলেও তিনি মেহেরপুর নিউজকে জানান।