মেহেরপুর নিউজঃ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এবং এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (এসইএসএসপি)-এর আওতায় অনুষ্ঠিত স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম-এর অংশ হিসেবে “মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে মেহেরপুরে জেলা পর্যায়ের বিজ্ঞানমেলার উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে মেহেরপুর সরকারি কলেজের বৈশাখী চত্বরে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়। তিনি বেলুন উড়িয়ে দিনব্যাপী এ বিজ্ঞানমেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থপ্রতিম শীল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর, মেহেরপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক খেজমত আলী মালীথ্যা, সহকারী অধ্যাপক নিগার সুলতানা, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাহিম, গবেষণা কর্মকর্তা আক্তার হোসেন এবং একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
দিনব্যাপী এ বিজ্ঞানমেলায় জেলার তিন উপজেলার চ্যাম্পিয়ন শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। এর মধ্যে মেহেরপুর সদর উপজেলার জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, মুজিবনগর উপজেলার মিয়া মনসুর একাডেমি এবং গাংনী উপজেলার সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ তাদের উদ্ভাবনী প্রকল্প ও বিজ্ঞানভিত্তিক ধারণা উপস্থাপন করছে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা এবং উদ্ভাবনী চিন্তাধারার বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।