বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই কিশোর নিহত

By Meherpur News

May 22, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুর সদর উপজেলার বন্দর এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শোভন (১৮) ও নয়ন (১৮) নামে দুই কিশোর নিহত হয়েছে। শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শোভন সদর উপজেলার বন্দর ক্লাবপাড়া এলাকার আমিনুল ইসলামের ছেলে। অপর নিহত নয়ন খন্দকারপাড়া এলাকার হাফিজুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শোভন ও নয়ন মোটরসাইকেলে করে মেহেরপুর থেকে মুজিবনগরের দিকে যাচ্ছিলেন। পথে বন্দর এলাকায় পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কলাবোঝাই একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সজোরে সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর সেলিম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।