বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আহত ৪, চালক রাজশাহী রেফার

By Meherpur News

June 13, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুর-কাথুলি সড়কের কায়েম কাটার মোড়ে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে রফিকুল ইসলাম ও জাহিদা খাতুনসহ কমপক্ষে চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে ইজিবাইক চালক রফিকুল ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

আহত রফিকুল ইসলাম মেহেরপুর শহরের বেড়পাড়া এলাকার জামাল উদ্দিনের ছেলে। আহত জাহিদা খাতুন সদর উপজেলার শোলমারী গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় রফিকুল ইসলাম ইজিবাইক নিয়ে শোলমারী থেকে মেহেরপুর শহরের দিকে আসছিলেন। এদিকে একটি ট্রাক মেহেরপুর থেকে কাথুলির দিকে যাচ্ছিল। পথিমধ্যে কায়েম কাটার মোড়ে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ইজিবাইক চালকসহ চারজন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত রফিকুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্য আহতদের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।