মেহেরপুর নিউজঃ মেহেরপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা, মদ ও দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দিবাগত রাতে শহরের ফুলবাগান পাড়া থেকে সাব্বির হোসেন (২৩) ও মোঃ সৈকত আলীকে আটক করা হয়।
গ্রেফতার সাব্বির হোসেন পৌর কলেজ পাড়ার মোঃ মাহাবুল ইসলামের ছেলে এবং সৈকত আলী একই এলাকার বিপুল হোসেনের ছেলে। ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর ডিবির পরিদর্শক মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে এসআই (নিঃ) সঞ্জয় মন্ডল, এসআই (নিঃ) কাজল রঞ্জন ঘোষ, এসআই (নিঃ) মোঃ আবু বক্কর সিদ্দিক, এএসআই (নিঃ) মোঃ সোহেল রানা, এএসআই (নিঃ) আরিফসহ ডিবির একটি দল অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪০ গ্রাম গাঁজা, ১ বোতল বিদেশি মদ এবং ৩টি কুড়াল উদ্ধার করা হয়। অভিযানের খবর পেয়ে একই এলাকার মহাসিন আলীর ছেলে শুভ পালিয়ে যায়।
এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/১৯(ক)/২৪(ক)/৪১ ধারায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।