মেহেরপুর নিউজঃ মেহেরপুরে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে প্রতি শনিবার সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে মেহেরপুর পৌর কমিউনিটি হলের সামনে জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির এ কর্মসূচির উদ্বোধন করেন।
ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উদ্বোধন শেষে একটি র্যালি বের করা হয়। জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবিরের নেতৃত্বে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড়বাজার ও এশিয়া নেট মোড় এলাকায় গিয়ে শেষ হয়।
র্যালিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আবু সাঈদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, জেলা স্কাউটের সাধারণ সম্পাদক আবুল হোসেন, এনজিও সমিতির সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক আবু জাফরসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।