রাজনীতি

মেহেরপুরে থমথমে অবস্থা।। বিজিবি টহল শুরু।। জামায়াত-শিবিরের নাশকতা রুখতে মাঠে রয়েছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর ৭’শ সদস্য

By মেহেরপুর নিউজ

December 10, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ ডিসেম্বর: মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল কাদের মোল্লার ফাঁসির রায় আজ রাত ১২ টা ১ মিনিটে কার্যকর করা হবে স্ব-রাষ্ট্র প্রতিমন্ত্রীর সংবাদ ব্রিফিং এর পরপর থেকে মেহেরপুর জেলা শহরে আতংক ছড়িয়ে পড়ে। শিবিরের তান্ডব চালানোর আশংকায় ব্যকসায়ীরা দ্রুত দোকানপাট বন্দ্ধ করে নিজ বাড়িতে ফিরে যায়। এ মূহূর্তে গোটা শহর জুড়ে বিরাজ করছে থমথমে অবস্থা। শহরে বিকট শব্দ শোনা গেলেও এটি আসলে বোমা নাকি অন্য কিছুর শব্দ সেটা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে কাদের মোল্লার রায়কে কেন্দ্র করে যেকোন ধরনের নাশকতা মোকাবেলা করতে মেহেরপুরে বিজিবি টহল শুরু হয়েছে। বিজিবি ৩২ ব্যাটিলিয়নের অফিসার মেজর আনিস এর নেতৃত্বে ৪ প্লাটুন বিজিবি সদস্য গাংনী ও মেহেরপুরে টহল চালিয়ে যাচ্ছে। মেহেরপুরের পুলিশ সুপার মেহেরপুর নিউজের সিনিয়র রিপোর্টার আবু আক্তারকে জানান,নাশকতা মোকাবেলায় প্রস্তুত মেহেরপুর পুলিশ প্রশাসন। পুলিশ,র‌্যাব,বিজিবি সহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর ৭’শ সদস্য মাঠে অবস্থান করছে। সাথে রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদ মোনায়েম মজুমদার। এছাড়াও টহল দলের নেতৃত্বে রয়েছে,মেহেরপুর পুলিশের এএসপি(সার্কেল) আব্দুল জলিল,বিজিবি’র পক্ষে মেজর আনিস,সকল ওসি সহ পুলিশ কর্মকর্তারা। তিনি আরোও বলেন,পরিস্থিতি মোকাবেলার জন্য জেলার বাইরে থেকে অতিরিক্ত ফোর্স আনা হয়েছে। মাঠে রয়েছে মহিলা পুলিশও। মেহেরপুর সদর থানার ওসি বলেন,জামায়াত-শিবিরের বিক্ষোভ পয়েন্ট হিসেবে চিন্থিত জেলার বিভিন্ন স্থানে চলছে গোয়েন্দা নজরদারি ও পুলিশী টহল।