বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে দু’গ্রামবাসীর সংঘর্ষে মহিলাসহ আহত ১২

By মেহেরপুর নিউজ

October 17, 2015

মেহেরপুর নিউজ,১৭ অক্টোবর: ফুটবল খেলায় টিকিট ক্রয় করাকে কেন্দ্র মেহেরপুর সদরের গুচ্ছগ্রাম ও বাড়িবাকা গ্রামবাসীর দফায় দফায় হামলায় উভয়ক্ষের মহিলাসহ ১২ জন আহত হয়েছে। এ ঘটনায় ফুটবল টূর্ণামেন্ট উপলক্ষে তৈরি করা তোরণ ও কয়েকটি দোকান ভাংচুরের ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে বাড়িবাকা গ্রামের বজলুর রহমান ও পারভিন খাতুন মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন । বাড়িবাকা গ্রামের মিয়ারুল ইসলাম, সিদ্দিকুর রহমান, আব্দুস সবুর, কুতুব উদ্দিন, রহিত আলী, আইয়ুব হোসেন এবং গুচ্ছগ্রামের মনোয়ার হোসেন, হাসেনা খাতুন, লাল মিয়া, মিঠু হোসেন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। শুক্রবার রাতে কয়েক দফা সংঘর্ষে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দুটি গ্রামের মধ্যে ঈদগাহ নিয়ে উত্তেজনা হয়ে আসছে। এরই মধ্যে গুচ্ছগ্রামে একটি ফুটবল টূর্নামেন্ট চলছে। শুক্রবার বিকালে অনুষ্ঠিত একটি খেলায় বাড়িবাকার গ্রামের এক যুবক টিকিট ক্রয় না করে খেলা দেখায় গ্রচ্ছগ্রামের লোকজন ওই যুবককে বাধা দেয়। এতে সে ক্ষিপ্ত হয়ে গ্রামের আরো কিছু যুবক নিয়ে গিয়ে টূর্নামেন্ট কমিটির লোকজনকে ধাওয়া করে। এ ঘটনার পর থেকে দ’ুগ্রামবাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং দফায় দফায় পাল্টা পাল্টি হামলা চালায়। খবর পেয়ে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামানের নেতৃত্বে সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রনে আনে। মেহেরপুরের পুলিশ সুপার (এসপি) হামিদুল আলম বলেন, ফুটবল টূর্নামেন্টেকে ঘিরে শুক্রবার রাতে দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় গ্রামের কয়েকজন সামান্য আহত হয়েছে। সমাধানের চেষ্টা চলছে বলে পুলিশ সুপার জানিয়েছেন।

এদিকে, বিকাল ৪ টার দিকে পুলিশ সুপারের কাযালয়ে দুগ্রামের লোকজনকে ডেকে পুলিশ সুপার বিষয়টি মিমাংসা করে দেন বলে জানা গেছে।