মেহেরপুর নিউজঃ যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মেহেরপুরে পবিত্র ঈদুল আজহা পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে জেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের জামাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ের মধ্য দিয়ে উদযাপিত হয় মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা।
সকাল ৭টা ৩০ মিনিটে মেহেরপুর পৌর ঈদগাহ মাঠে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এ জামাতে ইমামতি করেন বড় বাজার জামে মসজিদের ইমাম মাওলানা বায়েজিত হোসেন।
এছাড়া সকাল ৭টা ৪৫ মিনিটে মেহেরপুর পুরাতন পৌর ঈদগাহ মাঠে দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সেখানে ইমামতি করেন হোটেল বাজার জামে মসজিদের ইমাম মাওলানা রোকনুজ্জামান।
এছাড়াও জেলার বিভিন্ন স্থানে সুবিধামতো সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। কালেক্টরেট জামে মসজিদে সকাল ৭টা ১৫ মিনিটে, জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মাঠে সকাল ৭টায়, সদর থানা জামে মসজিদে সকাল ৭টা ১৫ মিনিটে এবং সদর উপজেলা মডেল মসজিদে সকাল ৭টা ১৫ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
মেহেরপুর শহীদ শামসুদ্দোজা নগর উদ্যানে সকাল ৬টা ৩০ মিনিটে আহলে হাদিসের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া জেলার একমাত্র মহিলাদের ঈদের জামাত সকাল ৮টা ৩০ মিনিটে পৌর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।
কোর্ট জামে মসজিদ প্রাঙ্গণে ঈদের জামাতে ইমামতি করেন কোর্ট জামে মসজিদের ইমাম হাফেজ সাদিকুর রহমান।
নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কবরস্থানে গিয়ে প্রয়াত আত্মীয়-স্বজনদের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। পরে মেহেরপুর শহরসহ জেলার বিভিন্ন গ্রামে পশু কোরবানি দেন মুসলমানরা।