টপ নিউজ

মেহেরপুরে নকল স্ট্যাম্পের সন্ধানে অভিযান; স্ট্যাম্প বিক্রেতা দোকান বন্ধ

By মেহেরপুর নিউজ

January 05, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে নকল স্ট্যাম্পের সন্ধানে অভিযান চালানো হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টা থেকে বেলা প্রায় ১ টা পর্যন্ত মেহেরপুর রেস্ট্রি অফিস এবং জেলা আইনজীবী সমিতির অফিসের আশেপাশে স্ট্যাম্প বিক্রেতাদের কাছে এ অভিযান চালানো হয়।

দুটি দলে বিভক্ত হয়ে মেহেরপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো তৌফিকুর রহমানের নেতৃত্বে সহকারী কমিশনার গন অভিযানে অংশগ্রহণ করেন।

এসময় মেহেরপুর সদর থানা পুলিশ এবং র‍্যাবের একটি দল অভিযান পরিচালনা করতে সহযোগিতা করে। মেহেরপুরে নকল স্ট্যাম্প বিক্রি করে সরকারকে লক্ষ লক্ষ টাকা রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসক মোঃ আতাউল গনির নির্দেশে রেস্ট্রি অফিস সহ আশেপাশে স্ট্যাম্প বিক্রেতাদের কাছে অভিযান চালানো হয়।

এদিকে অভিযান শুরু হওয়ার পরপরই কয়েকজন স্ট্যাম্প বিক্রেতা তাদের দোকান বন্ধ করে পালিয়ে যায়। অভিযানে ৩টি স্থান থেকে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য রেজিস্টার খাতার ফটোকপি সংগ্রহ করা হয়। অন্যদের মধ্যে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম, আরিফা আক্তার, মিনহাজুল ইসলাম,মহিদুল হক,মিথিলা দাস, মাহমুদুল হাসান, নিরুপমা রায় প্রমুখ উপস্থিত ছিলেন।