বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

By Meherpur News

April 20, 2026

মেহেরপুর নিউজঃ

মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক শিল্পী রানী রায় বলেছেন, যে বিভাগের যে দায়িত্ব সেই কাজ সঠিকভাবে পালন করা গেলে দেশ অনেক দূর এগিয়ে যাবে। তিনি মাদক, জুয়া, ক্যাসিনোসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিহার করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।

সোমবার দুপুরে মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নবাগত জেলা প্রশাসকের সাথে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক আরও বলেন, নতুন প্রজন্মকে দেশপ্রেম সম্পর্কে সচেতন করতে হবে। তিনি সকলের সহযোগিতায় উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা, সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ, ইউআরসি ইন্সট্রাক্টর আব্দুল মতিন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাফিজুর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ উদ্দিন ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির সোহেল রানা ও সাধারণ সম্পাদক জাব্বারুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক সঞ্জীব পাল বাপ্পি, জেলা এনজিও সমিতির সাধারণ সম্পাদক আবু জাফরসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গুরুদাস হালদার, শিল্প ও বণিক সমিতির প্রতিনিধি আনারুল হক কালু, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কানিজ ফাতেমা আখি, শিক্ষক ও ইমামসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ। এর আগে জেলা প্রশাসক শিল্পী রানী রায় উপজেলা পরিষদে পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।