বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে নানা আয়োজনে উদীচী শিল্পী গোষ্ঠীর জেলা সম্মেলন অনুষ্ঠিত ।। সভাপতি এ্যাডভোকেট ইব্রাহিম শাহিন ও ডা.নজরুল ইসলাম সুমন সাধারন সম্পাদক

By মেহেরপুর নিউজ

November 23, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ নভেম্বর: রাজনৈতিক অঙ্গনে যখন ভিন্ দেশী হায়নার আনাগোনা,ছিন্ন বিছিন্ন হচ্ছে হাজার বছরের সম্প্রীতি,যখন প্রগতির দৃপ্ত মশাল জ্বালাতে কিশোরী সেনাপতি লড়ছে মৃত্যুর সাথে পাঞ্জা–ঠিক তখনই সকল অসাম্প্রদায়িক প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ করার লক্ষে” নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী মেহেরপুর জেলা সংসদের ৫ম দ্বি-বার্ষিক জেলা সম্মেলন-১২ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত কাউন্সিলে কন্ঠভোটের মাধ্যমে এ্যাডভোকেট ইব্রাহিম শাহিন সভাপতি ও ডা. নজরুল ইসলাম সুমন সাধারন সম্পাদক নির্বাচিত হয়।

আয়োজনের মধ্য রয়েছে,শোভাযাত্রা,দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন,আলোচনাসভা,সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নাটক। আজ শুক্রবার সকাল ১০ টায় স্থানীয় শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন পয়েন্ট ঘুরে জেলা শিল্পকলা চত্বরে এসে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ৫ম দ্বি-বার্ষিক জেলা সম্মেলন-১২ এর উদ্বোধন করা হয়।

মেহেরপুর জেলা সংসদের সভাপতি এ্যাডঃ ইব্রাহীম শাহিনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন ভাষা সৈনিক মোঃ ইসমাইল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠির কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ইকবালুল হক ও ওয়াকিল মোজাহিদ। বক্তব্য রাখেন,সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক সুশীল চক্রবর্তী, সাংস্কৃতিক কর্মী মাহবুবুল হক মন্টু, অরণি থিয়েটারের আতিকুর রহমান স্বপন। সন্দ্ধ্যায় মুক্ত মঞ্চে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নাটক মঞ্চায়িত হবে।