মেহেরপুর নিউজঃ মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া-আমদহ সড়কে একটি পরিত্যক্ত লাগেজ থেকে খেলনা পিস্তল সদৃশ একটি লাইটার উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকালে বামনপাড়ার দুলু খার বাড়ির সামনে পাকা রাস্তার ওপর একটি রহস্যজনক লাগেজ পড়ে থাকতে দেখে স্থানীয়রা মেহেরপুর সদর থানায় খবর দেন। খবর পেয়ে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাগেজটি উদ্ধার করে।
পরে লাগেজ তল্লাশি করে একটি পিস্তল সদৃশ বস্তু পাওয়া যায়। এ বিষয়ে মেহেরপুর সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) জাহাঙ্গীর সেলিম জানান, বামনপাড়া মসজিদের সামনে একটি ব্যাগ ও পিস্তল সদৃশ বস্তু দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে অবহিত করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে পরীক্ষা-নিরীক্ষা করলে সেটি একটি খেলনা পিস্তল নয়, বরং পিস্তলের আকৃতির একটি লাইটার বলে নিশ্চিত হয়।
উদ্ধারকৃত লাইটার ও লাগেজ থানায় হেফাজতে নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।