মেহেরপুর নিউজঃ মেহেরপুর সদর উপজেলার বারাদি বাজারের অদূরে অবস্থিত হাইটেক জুস ফ্যাক্টরির ভিতরে শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে আগুন লাগে। এতে ফ্যাক্টরির ভিতরে থাকা পরিত্যক্ত জিনিসপত্র পুড়ে যায়। বিল্ডিংয়ের ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসের দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়নি।
জানা গেছে, হাইটেক জুস ফ্যাক্টরিটি ২০০৬ সালে নির্মিত হয়। কয়েক বছর উৎপাদন কার্যক্রম চালুর পর মালিকের মৃত্যু হলে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়। পরে ডেসটিনি ২০০০ লি: কোম্পানি ফ্যাক্টরিটি কিনে নিলেও উৎপাদন আর শুরু হয়নি। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকায় ভবনের দামী আসবাবপত্র, সরঞ্জাম ও মেশিনপত্র গোপনে বিক্রি হয়ে গেছে বলে অভিযোগ রয়েছে।
ফ্যাক্টরির ভেতরে কচুরিপানা, শোলা ও তুলার মতো দাহ্য ও অপ্রয়োজনীয় দ্রব্য পড়ে থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। স্থানীয়রা ও দমকলকর্মীরা জানিয়েছেন, এ ধরনের পরিত্যক্ত ও অরক্ষিত কারখানাগুলোতে অগ্নিকাণ্ডের ঝুঁকি অত্যন্ত বেশি।