মেহেরপুর নিউজ, ০৩ মে: মেহেরপুর ভৈরব নদ পুন:খননের মাটি বিক্রি করার অভিযোগ উঠেছে খনন কাজের দায়ীত্বপ্রাপ্ত ঠিকাদারী প্রতিষ্ঠান নৌ বাহিণীর সহযোগি ডক ইয়ার্ড এণ্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কাস লিমিটেডের লোকজনের বিরুদ্ধে। এ সকল মাটি দিয়ে কেউ কেউ তার নিজস্ব গর্ত বা ডোবা পূরণ করার কাজও করছেন। তবে ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তাদের দাবি খননকৃত নদে জমিতে মাটি সংকুলনা না হওয়ায় বিভিন্নজন তাদের চাহিদা মত মাটি নিয়ে গিয়ে তাদের জমির গর্ত বা ডোবা ভরাট করছেন। জানা গেছে, ২০১০ সালের ১৭ এপ্রিল মুজিবনগর দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলাবাসীর দাবী পূরণে জেলার অন্তর্গত মুজিবনগর উপজেলার রশিকপুর থেকে সদর উপজেলার শুভরাজপুর পর্যন্ত ২৯ কিলোমিটার ভৈরব নদ পূন:খননের উদ্যোগ নেন। ৭০ কোটি ৬৫ লাখ ৫১ হাজার টাকা ব্যয়ে ২০১৫ সালের ২৩ এপ্রিল ওই নদের খননকাজ শুরু হয়। ২ বছর এই প্রকল্পের মেয়াদ ধরে চলতি মার্চ মাস পর্যন্ত ১৫ কিলোমিটার খননকাজ সম্পন্ন হয়েছে। খননকৃত অংশ থেকে ইতিমধ্যে কয়েক লাখ টাকার মাটি বিক্রি হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। ভৈরব নদের মাটি বিক্রি করায় খনন পরবর্তী নদ পাড়ে বনায়ন কর্মসূচি ব্যাহত হতে পারে বলেও আশংকা প্রকাশ করছে বিভিন্ন মহল। শুক্রবার বিকালে স্থাণীয়দের অভিযোগে সরেজমিনে মেহেরপুর থানার ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, স্থানীয়দের মধ্যে মাটি বিক্রি নিয়ে এক ধরণের উত্তেজনা বিরাজ করছে। নাম প্রকাশ না করার শর্তে থানাপাড়া কয়েকজন বাসিন্দা অভিযোগ করে বলেন, প্রতি ট্রলি মাটি ১০০ টাকা করে বিক্রি করে দেয়া হচ্ছে ট্রলি মালিকদের কাছে। তাদের কাছে থেকে আবার স্থানীয় ভাবে অনেক ইটভাটার মালিকরা কিনে নিচ্ছেন। নদের মাটি নিয়ে এক ধরনের বানিজ্য শুরু হয়েছে। আবার কেউ কেউ এ সুযোহে তাদের ডোবা বা গর্ত ভরাট কর নিচ্ছেন। এর আগে মোনাখালী, দারিয়াপুর এলাকাতেও মাটি বিক্রি করার অভিযযোগ উঠেছিল। সে সময় কথা হয় প্রজেক্টের হেড ম্যানেজার উত্তম কুমার শাঁখারী (ননির) সাথে। তিনি বলেছিলেন, মাটি খননের এক্সকাভেটর মেশিন দিয়ে মাটি ট্রলিতে তুলে দিলে তার তেল খরচ বাবদ কিছু টাকা নেয়া হয়। তিনি আরো বলেন, যে সকল স্থানে নদির যায়গা কম সেখান থেকেই কেবল মাটি দেয়া হয়। না হলে অতিরিক্ত মাটি বৃষ্টির পানিতে আবারো খনন কৃত মাটি নদিতে এসে পড়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান। তবে পুনরায় গত শনিবার উত্তম কুমার শাখারী (ননি)’র সাথে কথা বললে তিনি বলেন, বিভিন্ন অঞ্চলে নদীর পাশে কোনো জমি নাই। পাবলিকের জমিতে মাটি রাখতে না দেয়ায় মাটিগুলো এক্সকাভেটরের তেল চার্জ দিয়ে সেখান থেকে বিভিন্নজন তাদের প্রয়োজনমত মাটি নিয়ে হচ্ছে। তবে মাটি বিক্রি করার যে অভিযোগ তা সঠিক নয়। এ ব্যাপারে জানতে চাওয়া হলে ভৈরব নদ পূন:খনন প্রকল্পের প্রজেক্ট পরিচালক লে. বেলাল হোসেন বলেন, এ ধরণের অভিযোগ পেয়ে তিনি নিজে সরেজমিনে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। তিনি বলেন, নদী খননের পরে প্রয়োজনের অতিরিক্ত মাটি সরিয়ে অন্যত্র তাদের তত্বাবধানে রাখার নির্দেশ দিয়েছেন। অন্য কেউ যাতে নিতে না পেরে সে ব্যাপারেও নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিয়ে কথা হয় মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেনের সাথে তিনি বলেন, এ ধরণের বিভিন্ন অভিযোগ পাওয়া যাচ্ছে। তবে অভিযোগগুলো সত্যতা নিয়েও প্রশ্ন রয়েছে। তিনি অভিযোগের সত্যতা মিললে তাদের উর্ধতন কতৃপক্ষ জানিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।