টপ নিউজ

মেহেরপুরে পুরোদমে আম ভাঙ্গার কাজ শুরু

By মেহেরপুর নিউজ

May 29, 2021

মেহেরপুর নিউজ:

আকারে ছোট হলেও আমের জেলা হিসেবে খ্যাত মেহেরপুর জেলায় পুরোদমে আম ভাঙ্গার কাজ শুরু হয়েছে। সরকারিভাবে আম ভাঙ্গার নিয়ম বেঁধে দেয়ার পরই মেহেরপুর জেলার বিভিন্ন বাগানের আম ভাঙ্গা শুরু করা হয়েছে। বিগত দুই মৌসুমে মেহেরপুর জেলায় বিপুল পরিমাণ আম উৎপাদন হলেও পবিত্র রমজান মাস উপলক্ষে চাষীরা তাদের আমের দাম খুব একটা ভালো পাইনি। চলতি বছরে ভালো ফলনের পাশাপাশি আমের ভালো দামও পাচ্ছে বলে আম চাষিরা জানিয়েছেন।

মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব মতে মেহেরপুর জেলার তিনটি উপজেলায় ১ হাজার ৩৫০ হেক্টর জমিতে ছোট বড় আম বাগান রয়েছে। আমের মুকুল আশার সময় প্রাকৃতিক কোনো দুর্যোগ না ঘটলেও আমের গুটি আসার পর থেকে আঁটি আসা পর্যন্ত অনাবৃষ্টির কারণে আমের আকার কিছুটা ছোট হয়েছে। তারপরও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মেহেরপুর জেলায় ৪০ হাজার মেট্রিক টন আম উৎপাদন হওয়ার আশা ব্যক্ত করেছেন ।

এদিকে সরকারী ভাবে বেঁধে দেওয়া নির্ধারিত সময়সীমার মধ্যে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় মেহেরপুরের বিখ্যাত আম বোম্বাই এবং হিমসাগর আম ভাঙ্গা শুরু হয়েছে। মেহেরপুর জেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে আম বাগান মালিকরা তাদের বাগানের আম ভেঙে স্থানীয় বাজারে চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলে আম পাঠিয়ে দিচ্ছেন। বর্তমান মেহেরপুরে বোম্বাই এবং হিমসাগর আম প্রকারভেদে ৩৯ টাকা থেকে শুরু করে ৫০ টাকা কেজি দরে বিক্রি করছেন.।মেহেরপুরের এসকল বিখ্যাত আম ঢাকা, চট্রগ্রাম, সিলেট, বরিশালে প্রকারভেদে ৬৯ টাকা থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি করছে বলে বাগান মালিকদের কাছ থেকে জানা গেছে।

বোম্বাই হিমসাগর এর পাশাপাশি স্থানীয় পর্যায়ের আঁটির আম পুরোদমে ভাঙ্গার কাজ চলছে। মেহেরপুর শহরের শেখপাড়ার আম চাষী মলিন জানান আমার তিনটি বাগানের মধ্যে দুটি বাগানের বোম্বাই এবং হিমসাগর আম ভাঙ্গে স্থানীয় চাহিদা মিটিয়ে চট্টগ্রামে পাঠিয়েছি। সেখানে ভাল দাম পেয়েছেন বলে মলিন জানান। মেহেরপুর সদর উপজেলার কালাচাঁদপুর গ্রামের আমচাষি আনারুল ইসলাম জানান চলতি মৌসুমে মেহেরপুরে আমের বাম্পার ফলন হলেও আকারে কিছুটা ছোট হয়েছে। তিনি জানান প্রথমদিকে আম বাইরে পাঠিয়ে ছিলাম, তখন দাম খুব একটা ভালো পায়নি। তবে এখন ভালো দাম পাচ্ছি।

এদিকে আম ভাঙ্গা শুরু হওয়ার পর থেকেই মেহেরপুর জেলার পথেঘাটে সব জায়গাতেই কেবল আম আর আম দেখা যাচ্ছে। সকাল থেকে দুপুর পর্যন্ত আম ভেঙে সে গুলোকে ক্যারেটে করে স্থানীয় বাজার সহ দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হচ্ছে। মেহেরপুরের আমের স্বাদ গ্রহণ করতে দেশের বিভিন্ন স্থান থেকে মেহেরপুরের নিকট আত্মীয়ের বাড়িতে যেমন বেড়াতে আসছেন। আবার অনেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে আত্মীয়স্বজনের কাছে আম পাঠাতে ভুল করছেন না কেউ।