মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের পুলিশ সুপার মনজুর আহমেদ সিদ্দিকীর সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।
বুধবার বিকেলের দিকে বাসভবনের দ্বিতল ভবনের একটি কক্ষে পুরাতন একটি এসি বিস্ফোরণ ঘটলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ড শুরুর পরপরই ঘন কালো ধোঁয়ায় আশপাশের এলাকা অন্ধকারে ঢেকে যায়।
মেহেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামীম রেজা জানান, পুরাতন এসি বিস্ফোরণের কারণেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে আনুমানিক ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
পুলিশ সুপার মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, “পুরাতন একটি এসি বিস্ফোরণের পর আগুন লাগে। এতে ৪টি এসি, ৩টি ফ্রিজসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।”