বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে পেশাজীবী গাড়ি চালকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

October 22, 2023

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মেহেরপুরের উদ্যোগে সড়ক দুর্ঘটনা রোধকল্পে পেশাজীবি গাড়ী চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা ২০২৩-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে মেহেরপুর বিআরটি এ প্রাঙ্গণে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

“গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুর জেলা প্রসাশনের সহযোগিতায় ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মেহেরপুরের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় বিআরটিএ মেহেরপুর বিআরটিএ’র পরিদর্শক জিয়াউর রহমানের সভাপতিত্বে জেলার বিভিন্ন এলাকা পেশাজীবী গাড়ি চালকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জিয়াউর রহমান পেশাজীবী চালকদের উদ্দেশ্য বলেন, আপনারা রাস্তায় ঘুম চোখে গাড়ি চালাবেন না, অধিক আত্মবিশ্বাস নিয়ে ওভার টেকিং করবেন না, একটানা গাড়ী চালাবেন না, ট্রাফিক আইন মেনে গাড়ি চালাবেন, অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করিবেন না, গাড়ী চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না, অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না। আপনারা একটানা ৮ ঘন্টার বেশি গাড়ি চালাবেন না, গাড়ি চালানোর পূর্বে জ্বালানি, মবিল, ব্রেক দেখে গাড়ি পরিচালনা করবেন। তিনি আরো বলেন, মহাসড়কে নছিমন, করিমনসহ অবৈধ যানবাহন চলাচল করতে না পারে সে বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়াও তিনি কর্মশালায় উপস্থিত বিভিন্ন শ্রেণীর পেশাদার চালকদের দিক নির্দেশনা মূলক বক্তব্যে বলেন, আপনারা রাস্তায় প্রতিযোগিতা মূলক গাড়ি চালাবেন না, অতিরিক্ত মালামাল ও যাত্রী বহন করিবেন না, বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালাবেন না।