মেহেরপুর নিউজঃ মেহেরপুর সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক বিভাগে চারটি দল সেমিফাইনালে উঠেছে।
দলগুলো হলো—গোভীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝাউবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নতুন দরবেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শহীদ ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খান দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়।
রবিবার দুপুরে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় গোভীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ইমরানের করা একমাত্র গোলে আশরাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে।
একই মাঠে নতুন দরবেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যকার ম্যাচে নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে টাইব্রেকারে ২-১ গোলে জয় পায় দরবেশপুর। দরবেশপুরের পক্ষে মইনুল ও সামিউল গোল করেন, আর কুলবাড়িয়ার পক্ষে একমাত্র গোলটি করেন বায়াজিত।
দিনের অপর খেলায় ঝাউবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে সেমিফাইনালে ওঠে। ঝাউবাড়িয়ার হয়ে ইব্রাহিম একাই দুটি গোল করে দলের জয় নিশ্চিত করেন।
এদিকে প্রথম রাউন্ডের শেষ ম্যাচে শহীদ ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খান দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ১-০ গোলে বলিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। দলের পক্ষে একমাত্র গোলটি করেন তামিম।