মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে মেহেরপুর শহীদ ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খান দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ জয়ের মাধ্যমে দলটি জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।
সোমবার দুপুরে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় শহীদ ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খান দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ২-১ গোলে ঝাউবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকায় ম্যাচটি গড়ায় টাইব্রেকারে।
খেলার প্রথমার্ধে তামিমের করা গোলে এগিয়ে যায় দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়। দ্বিতীয়ার্ধে ঝাউবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হুসাইন গোল করে সমতা ফেরান। এরপর নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়।
টাইব্রেকারে দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে ফরহাদ ও তামিম একটি করে গোল করেন। অপরদিকে ঝাউবাড়িয়ার পক্ষে হুসাইন একমাত্র গোলটি করতে সক্ষম হন। ঝাউবাড়িয়ার ইব্রাহিম, ইউসুফ ও হুসাইনের নেওয়া শটগুলো দৃষ্টিনন্দন দলের গোলরক্ষক ফরহাদ অসাধারণ দক্ষতায় প্রতিহত করে দলের জয় নিশ্চিত করেন।
খেলায় দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গোলরক্ষক ফরহাদ দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।