মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ ডিসেম্বর:
সারা দেশের ন্যায় গতকাল মঙ্গলবার মেহেরপুরেও প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে মেহেরপুর সদর উপজেলায় শতকরা ৮৫ দশমিক ৩৬ ভাগ ছাত্র-ছাত্রী পাশ করেছে। মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শতভাগ শিক্ষার্থী পাশ করার পাশাপাশি সম্মিলিত মেধা তালিকার মেহেরপুর জেলার ২০ জনের মধ্যে প্রথম ও দ্বিতীয়সহ ৪ জন রয়েছে। মেহেরপুর সদর উপজেলা থেকে এ বছরে প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষায় ৩ হাজার একশ’ ২২ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। যার মধ্যে ২ হাজার ৬শ’ ৬৫ জন উত্তীর্ণ হয়। এদের মধ্যে এক হাজার ২ শ’ ৯৮ জন প্রথম বিভাগে, এক হাজার একশ’ ৪৬ জন দ্বিতীয় বিভাবে এবং ২শ’ ২১ জন তৃতীয় বিভাগে পাশ করেছে। এদিকে মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শতভাগ শিক্ষার্থী পাশ করার পাশাপাশি সম্মিলিত মেধা তালিকার মেহেরপুর জেলার ২০ জনের মধ্যে প্রথম ও দ্বিতীয়সহ ৪ জন রয়েছে। জিনিয়াস থেকে মোট ৩৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৩৩ জন প্রথম বিভাগ ও একজন দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে। ওই প্রতিষ্ঠান থেকে জেবিন জুবায়দা ৫শ’ ৮৬ নম্বর পেয়ে সম্মিলিত মেধা তালিকায় মেহেরপুর জেলায় প্রথম ও তানজিমা আক্তার টুনটুনি ৫শ’ ৭৬ নম্বর পেয়ে মেহেরপুর জেলায় দ্বিতীয়, ইজাবুন নাহার কলি ৫শ’ ৬৫ পেয়ে সদর উপজেলায় যৌথভাবে অষ্টম এবং রিফাত আলী ৫শ’ ৫৩ নম্বর পেয়ে যৌথভাবে ১৮তম স্থান অর্জন করেছে। এদিকে ইবতেদায়ি শিক্ষা সমাপনি পরীক্ষায় মেহেরপুর সদর উপজেলা থেকে ৩শ’ ৭৪ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে ৬৬ জন প্রথম বিভাগে, একশ’ ৩৮ জন দ্বিতীয় বিভাগে ও একশ’ ১০ জন তৃতীয় বিভাগে পাশ করেছে। ইবতেদায়িতে পাশের শতকরা হার ৮৩ দশমিক ৯৫ ভাগ। ইবতেদায়িতে আমঝুপি আলিম মাদ্রাসার ছাত্রী উম্মে সুরাইয়া ৫শ’ ১৮ নম্বর পেয়ে সদর উপজেলায় সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছে। এদিকে দুপুরে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেসের আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আহমেদ, সহকারি কমিশনার (ভূমি) নাজিয়া ইসলাম উপস্থিত থেকে বিদ্যালয় প্রধানদের হাতে ফলাফলের কপি তুলেদেন।