মেহেরপুর নিউজ, ২৩ মার্চ: স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস থেকে উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জন উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে এ প্রীতি ফুটবল অনুষ্ঠিত হয়। খেলায় আমঝুপি ইউনিয়ন পরিষদ টাইব্রেকারে ৩-২ গোলে বুড়িপোতা ইউনিয়ন পরিষদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। এরআগে নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে শেষ হয়। টাইব্রেকারে আমঝুপির পক্ষে রানা, আশিক, মিকাইল এবং বুড়িপোতার পক্ষে নাজমুল ও রনি ১টি করে গোল করেন।
খেলা শেষে জেলা প্রশাসক পরিমল সিংহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, এনডিসি কামারুজ্জামান, আর ডিসি মোহাম্মদ মামুন, ডিএফএ’র সহ-সভাপতি আনোয়ারুল হক শাহী, আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহামেদ চুন্নু, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহ জামাল সেখানে উপস্থিত ছিলেন। এরআগে সদর উপেজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন।