বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে ঝিনাইদহ লাইফওয়ের জয়

By Meherpur News

May 15, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সোনালী অতীত ক্লাবের উদ্যোগে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এ খেলায় মুখোমুখি হয় মেহেরপুর সোনালী অতীত ক্লাব ও ঝিনাইদহ লাইফওয়ে ক্লাব।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ঝিনাইদহ লাইফওয়ে ক্লাব ৩-০ গোলে মেহেরপুর সোনালী অতীত ক্লাবকে পরাজিত করে জয় লাভ করে। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হলেও দ্বিতীয়ার্ধে ঝিনাইদহের পক্ষে পিকলু দুটি ও কামরুজ্জামান একটি গোল করেন।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপু খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন।

প্রীতি ফুটবল খেলায় মেহেরপুর ও ঝিনাইদহ জেলার প্রাক্তন ফুটবলাররা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর জামায়াতে ইসলামীর আমির সোহেল রানা ডলার, প্রাক্তন ফুটবলার আব্দুর রহমান, মাসুদ করিম ধলস, এমদাদুল হক, ইয়াসিন আলী শামীমসহ মেহেরপুরের বিভিন্ন সময়ের খেলোয়াড়রা।

দুই জেলার পুরোনো ফুটবলারদের পদচারণায় সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ মুখরিত হয়ে ওঠে। এ সময় অনেকেই পুরোনো দিনের স্মৃতিচারণ করেন।