বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রতিযোগিতা।। সংসদ সদস্য জয়নাল আবেদীনের ক্ষোভ প্রকাশ

By মেহেরপুর নিউজ

May 19, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ মে: শনিবার সকালে মেহেরপুরের শিল্পকলা একাডেমীর হলরুমে জাতির জনক বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা চরম অবজ্ঞা ও অবহেলায় অনুষ্ঠিত হয়েছে । মেহেরপুরের ১আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন এ  অনুষ্ঠানের আয়োজকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। স্বাধীনতার ৪০ বছর ও শিল্পের  আলোয় মুক্তিযুদ্ধ শীর্ষক কর্মসূচী বাংলাদেশ শিল্পকলা একাডেমী কর্তৃক গৃহীত কর্মসূচীর আওতায় স্কুল ও কলেজ পর্যায়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে জাতির জনক বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের  সংসদ সদস্য জয়নাল আবেদীন । সভাপত্বিত করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট আলমগীর হোসেন । প্রধান অতিথির বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কালজয়ী ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা আমাদের নতুন প্রজম্মের শিক্ষার্থীর মধ্যে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিখাতে সাহায্য করবে। আর এ জন্য আমাদের সকল স্কুল-কলেজের বিভিন্ন অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষনের প্রতিযোগিতা অব্যাহত রাখতে হবে। তবেই বঙ্গবন্ধুর ভাষনের মর্মকথা বুঝা যাবে এবং দেশ গঠনের ভুমিকা রাখা সম্ভব হবে। কিন্তু বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রতিযোগীতার জন্য প্রশাসন সহ শিল্পকলা একাডেমী কর্তৃপক্ষ চরম অবজ্ঞা, অবহেলা এবং গুরুত্ব না দেবার কারণে কোন প্রচার হয়নি। গুটি কয়েক স্কুল ও কলেজের শিক্ষার্থীরা তড়িঘড়ি করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেও আসেনি কোন স্কুল-কলেজের শিক্ষকরা। তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ও দিক নির্দেশনামূলক ভাষণ নিয়ে ছিনিমিনি খেলা যাবে না এবং প্রশাসনের ভিতর এখনো স্বাধীনতা বিরোধী কেউ থাকলে তাদের খুজে বের করতে হবে। এছাড়াও জেলা শিল্পকলা একাডেমীর কমিটিতে স্বাধীনতা বিরোধী কেউ থাকলে তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যপারে জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইদুর রহমান জানান, গত কয়েকদিন আগে বাংলাদেশ শিল্পকলা একাডেমী থেকে এই ভাষণ প্রতিযোগিতার জন্য পত্র পেলে আমি জেলার সকল স্কুল-কলেজসহ শিক্ষা অফিস বরাবর পত্র পাঠায় প্রতিযোগিতার জন্য। কিন্তু প্রতিযোগিতাটি এমন হবে ভাবতে কষ্ট হচ্ছে। এ ব্যপারে জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, জেলা মুক্তিযোদ্ধা, সুধীমহল ও সাধারণ মানুষেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ জাতিকে দেশ গঠনের উজ্জিবিত করলেও আমরা তার মূল্যায়ন করতে শিখিনি। যার কারণে প্রশাসনের ভিতরে স্বাধীনতা বিরোধী চক্র সুকৌশলে এই ভাষণ প্রতিযোগিতাটি দায়সারাভাবে শেষ করেছে। এদের বিচার হওয়া উচিৎ।