বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বর্জ্য ব্যবস্থাপনা ও প্লাস্টিক বর্জনে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

By Meherpur News

June 09, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পৌরসভার সহযোগিতায়, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ এবং এসো দেশ গড়ি (ইডিজি) কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশ সিটি ইনক্লুসিভ স্যানিটেশন প্রজেক্ট (বিসিআইএসপি) এর আওতায় বর্জ্য ব্যবস্থাপনা, পলিথিন ও প্লাস্টিক পণ্য বর্জন বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মেহেরপুর পৌরসভার কালাচাঁদ মেমোরিয়াল হল মিলনায়তনে ট্রেনিং, সিবিও (কমিউনিটি বেইজড অর্গানাইজেশন) এবং স্টেকহোল্ডারদের অংশগ্রহণে পৃথক তিনটি অবহিতকরণ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন মেহেরপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী কাজী মোহাম্মদ আবু ওবায়েদ। সভায় বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব, পরিবেশ দূষণ রোধে পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্যের ব্যবহার কমানোর প্রয়োজনীয়তা এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়।

এ সময় বক্তব্য রাখেন বিসিআইএসপি প্রকল্পের টিম লিডার ফাইজুল্লা আল মাসুদ, ফিল্ড ফ্যাসিলিটেটর মুজাহিদুল ইসলাম এবং সমাজ উন্নয়ন কর্মকর্তা খন্দকার জাহিদুল ইসলাম।

বক্তারা বলেন, পরিবেশবান্ধব ও টেকসই নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে বর্জ্য পৃথকীকরণ, সঠিক বর্জ্য অপসারণ এবং প্লাস্টিকের ব্যবহার কমানোর বিকল্প ব্যবস্থা গ্রহণে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সভায় অংশগ্রহণকারীদের এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।