খেলাধুলা

মেহেরপুরে বালিকা গোল্ডকাপ ফুটবল: চার দল সেমিফাইনালে

By Meherpur News

April 26, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুর সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালিকা বিভাগে চারটি দল সেমিফাইনালে উঠেছে।

দলগুলো হলো—হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শোলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেলেগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং গহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

রবিবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সোভার করা একমাত্র গোলে আমদাহ পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে সেমিফাইনালে ওঠে।

একই মাঠে শোলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারায়। শোলমারীর পক্ষে পুষ্প দুটি ও সিনথিয়া একটি গোল করেন।

দিনের অপর খেলায় বেলেগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ২-০ গোলে আমঝুপি সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। দলের পক্ষে ইয়াসমিন একাই দুটি গোল করেন।

এদিকে প্রথম রাউন্ডের শেষ ম্যাচে গহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেলিনার করা একমাত্র গোলে মেহেরপুর পশুহাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে।