রাজনীতি

মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

May 06, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ মে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির কেন্দ্রীয় নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, কারাবন্দী নেতাদের মুক্তি ও ইলিয়াস আলীকে ফিরিয়ে দেয়ার দাবীতে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। রোববার মেহেরপুর আসনের সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে মেহেরপুর প্রেস ক্লাবের নিচে এসে শেষ হয়। প্রেসক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আঃ রহমান, সহ-সভাপতি আলমগীর খান সাতু, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক মাস্টার, জেলা বিএনপি যুগ্ম সম্পাদক এম এ কে খায়রুল বাসার, জাতীয় পাটি(বিজেপি) জেলা সভাপতি শেখ সাইদ আহমেদ, আমঝুপী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, পিরোজপুর ইউপি চেয়ারম্যান সামসুল আলম, বিএনপি নেতা আব্দুর রহিম, আব্দুর রব মাস্টার, আবু সুফিয়ান হাবু, আব্দুর রশিদ  প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি মাসুদ অরুন বলেন, মামলা নির্যাতন, গুপ্তহত্যা, অপহরণ করে সরকারের শেষ রক্ষা হবে না। তিনি বলেন, জনদাবী মেনে নিয়ে অবিলম্বে ইলিয়াস আলীকে ফিরিয়ে দিতে হবে এবং কারাবন্দী নেতাদের মুক্তি দিতে হবে। জাতীয় নেতৃবৃন্দের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।