বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে ৫ শতাধিক গাছের গোড়া থেকে পলিথিন অপসারণ

By Meherpur News

June 15, 2026

মেহেরপুর নিউজ:

“ন্যায্য জ্বালানি রূপান্তর সুরক্ষিত প্রকৃতি গড়বো, আগামী বাসযোগ্য পৃথিবী”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থা-এর উদ্যোগে সোমবার মেহেরপুর-চুয়াডাঙ্গা মহাসড়কের পাশে প্রায় ৫ শতাধিক গাছের গোড়া থেকে ক্ষতিকারক পলিথিন ও বিভিন্ন বর্জ্য অপসারণ করা হয়।

পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং গাছের গোড়ায় ক্ষতিকারক বর্জ্য না ফেলার আহ্বান জানিয়ে এ বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। আয়োজকরা জানান, গাছের গোড়ায় পলিথিন ও অন্যান্য বর্জ্য জমে থাকলে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ে।

এ সময় আয়োজিত পরিবেশ বিষয়ক বিশেষ ক্যাম্পেইনে সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সমাজসেবী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। তারা পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ গড়ে তুলতে সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।

কর্মসূচিটি বাস্তবায়নে সহযোগিতা করে জেট নেট-বিডি ক্যাম্পেইন, মেহেরপুর।

বক্তারা বলেন, পরিবেশ ও প্রকৃতি রক্ষায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার মাধ্যমে আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা সম্ভব। তারা পরিবেশবান্ধব আচরণ গড়ে তোলার জন্য সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানান।