মেহেরপুর নিউজঃ মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে রাজনগর গ্রামে তার দাফন সম্পন্ন হয়। এসময় মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম জাতীয় পতাকায় আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করেন। দাফন অনুষ্ঠানে পুলিশের একটি চৌকস দল মরহুমের প্রতি গার্ড অব অনার প্রদান করে। সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এসময় বিউগলে করুণ সুর বেজে ওঠে।
অনুষ্ঠানে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম অসুস্থ অবস্থায় বুধবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।