মেহেরপুর নিউজ:
ভূমিসেবা মেলা উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
প্রেস কনফারেন্সে জেলা প্রশাসক শিল্পী রানী রায় লিখিত বক্তব্য পাঠ করেন। বক্তব্যে তিনি ভূমি সেবা সপ্তাহের প্রধান উদ্দেশ্যসমূহ তুলে ধরেন। এর মধ্যে ছিল জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দেওয়া, ভূমি সংক্রান্ত জটিলতা ও হয়রানি কমানো, প্রযুক্তিনির্ভর ভূমি সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নামজারি, খতিয়ান, পর্চা ও ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবা দ্রুত ও সহজভাবে প্রদান নিশ্চিত করা।
এছাড়াও নাগরিকদের অভিযোগ ও মতামত গ্রহণ এবং তাৎক্ষণিক প্রতিকার নিশ্চিত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক।
প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থপ্রতিম শীল, সদর উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর, গাংনী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হুদাসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।